কমলগঞ্জে নাগরিক সংলাপে উঠে এলো প্রান্তিক মানুষের উন্নয়ন প্রত্যাশা
বাঁধ-খাল সংস্কার, চা-শ্রমিকদের মজুরি, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব
মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের বার্ষিক পাবলিক টাউন হল সভা। এতে নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা নিজেদের সমস্যা, দাবি ও প্রত্যাশা তুলে ধরেন। আলোচনায় বাঁধ ও খাল সংস্কার, জলবায়ু ঝুঁকি মোকাবিলা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, শিক্ষা, কর্মসংস্থান ও নারীর নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
শনিবার (১৪ নভেম্বর) কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জনকল্যাণ কেন্দ্র (জেকেকে)-এর আয়োজনে এবং ডিনেটের সহযোগিতায় ‘নাগরিক সমন্বয় প্রকল্প’-এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
সভাপতির বক্তব্যে ইউএনও সন্দ্বীপ তালুকদার বলেন, সভায় বিভিন্ন সামাজিক উন্নয়ন ও এলাকাভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা তাঁদের সমস্যা, চাহিদা ও দাবি তুলে ধরেছেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে চা-বাগানের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা ও পড়াশোনার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণের সরকারি সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ জরুরি। বিশেষ করে চা-বাগানের মানুষকে সরকারি কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি, রাস্তাঘাট, বিদ্যুৎ ও মৌলিক অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং পরিবারগুলোর সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ডসহ সরকারি উদ্যোগের কথাও তুলে ধরেন। নাগরিক সমন্বয় প্রকল্পের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস।
এছাড়া সিভিক এনগেজমেন্ট ফান্ডের ডেপুটি টিম লিডার ক্যাথরিনা কোনিগ বক্তব্য দেন। তিনি স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
নাগরিক সমন্বয় প্রকল্পের ব্যবস্থাপক আসিফ আহমেদ তনয় বলেন, স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক ও অন্যান্য প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে স্থানীয় উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকরভাবে সম্পৃক্ত করাই প্রকল্পের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সামাজিক উন্নয়ন ও এলাকাভিত্তিক সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের সুযোগ তৈরি করা হচ্ছে।
সভায় কমলগঞ্জের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শ্রাবণী সিনহা। পরে উন্মুক্ত নাগরিক সংলাপে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ প্রস্তুতি, বাঁধ ও খাল সংস্কার, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, যুব কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, নারীর নিরাপত্তা এবং স্থানীয় উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়গুলো গুরুত্ব পায়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ও সরকারি সেবা পাওয়ার সুযোগ নিয়েও মতবিনিময় হয়।
ডিনেটের মাধ্যমে বাস্তবায়িত নাগরিক সমন্বয় প্রকল্পটি মৌলভীবাজারের কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় কাজ করছে। স্থানীয় সামাজিক উন্নয়ন সংগঠন ও এলাকাভিত্তিক সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নারী, তরুণ-যুবা ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব জোরদার করা এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় প্রকল্পটি সুইজারল্যান্ডের সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে। ফান্ডটি ব্যবস্থাপনা করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ।
সম্পর্কিত খবর
কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
৮ নভেম্বর ২০২৬
রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৩
৬ নভেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
- 6 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)