ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তারুণ্যের সম্মিলিত শক্তি ও দৃঢ় প্রত্যয় দেশের সামগ্রিক চিত্র বদলে দিয়ে অর্থবহ পরিবর্তন আনতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “যদি একটি দেশের বিশাল যুবসমাজ পরিবর্তন চায়, তবে তা বাস্তবায়ন করা অসম্ভব নয়। আমাদের তরুণ প্রজন্ম ইতোমধ্যে পরিবর্তনের সক্ষমতা প্রমাণ করেছে। এখন সময় এসেছে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনের কাজে সরাসরি সম্পৃক্ত হওয়ার।”
তিনি বলেন, আগামী তিন মাস সবাইকে একযোগে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। শতভাগ সফলতা অর্জন সম্ভব না হলেও সম্মিলিত প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা যাবে।
তারেক রহমান দেশের নিবন্ধিত ও অনিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, গার্ল গাইডস, বিএনসিসি সদস্য এবং শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশে প্রায় ২৩ লাখ স্কাউট, ২২ হাজার বিএনসিসি সদস্য এবং কোটি কোটি শিক্ষার্থী রয়েছে। তাদের সম্মিলিত অংশগ্রহণ দেশের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ফেলে দেওয়া প্লাস্টিক, কাগজ ও বিভিন্ন বর্জ্যে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, “আমরা যদি সবাই মিলে সম্মিলিত প্রয়াস চালাই, তাহলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। নিজেরা সুস্থ থাকি, পরিবারকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি এবং দেশকে সুস্থ রাখার চেষ্টা করি।”
প্রধানমন্ত্রী সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা নিরুৎসাহিত করতে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও জোর দেন।
তিনি বলেন, “আমাদের মূল বার্তা একটাই— কাজ, কাজ এবং কাজ। আর আগামী দিনের প্রধান লক্ষ্য হতে হবে পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা এবং পরিচ্ছন্নতা।”
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। অভিযানের আওতায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এম মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।
সম্পর্কিত খবর
শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন
১২ সেপ্টেম্বর ২০২৬
সরকার বলছে সারের সংকট নেই, কৃষক বলছে সার মিলছে না: সংসদে তুমুল বিতর্ক
৯ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতার সক্ষমতায় যোগ হয়েছে ডিজিটাল দক্ষতা: প্রধানমন্ত্রী তারেক রহমান
৮ সেপ্টেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)
- 6 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)